৩১ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ নিয়ে শনিবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
বিষয়টি নিয়ে রাত পৌনে দশটার দিকে একটি পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “এটা মুজিববাদের কবরের ঘোষণা।” এর আধঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, “প্রোক্লামেশন অব জুলাই রেভ্যুলেশন। ৩১ ডিসেম্বর, শহীদ মিনার। বিকাল তিনটায়।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, “অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকাল তিনটা।” কমিটির সদস্য সচিব আখতার হোসেনও লিখেছেন, “এ বছরেই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!”
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্টে বলেন, “কমরেডস, নাউ অর নেভার।”
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আলম লিখেছেন, “৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য…”
ছাত্র আন্দোলনের সমন্বয়করা একযোগে তাদের পোস্টে উল্লেখ করেছেন, “অল আইজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর, নাউ অর নেভার।”
জানা গেছে, এ ঘোষণার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নতুন রূপরেখা তুলে ধরা হবে। নেতাদের দাবি, ‘মুজিববাদ’ এবং একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এ আন্দোলন তাদের ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
‘মুজিববাদ’ ও ‘বাকশাল’ ইস্যুতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ছাত্র আন্দোলনের নেতারা দাবি করছেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসনের শিকড় গেড়েছিলেন, যা বর্তমান সরকার পুনঃপ্রতিষ্ঠা করছে।
সবার চোখ এখন ৩১ ডিসেম্বরের দিকে।
0 মন্তব্যসমূহ